এ মাস থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন শুরু : মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর পরাজিত শক্তি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে বির্তকৃত করেছে, তেমনি আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকাকেও বির্তকৃত করেছে। তাই আমরা চাই এ মাস থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুনভাবে প্রণয়ণ করতে। আমরা চাই প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধাদের স্মরণে মিটিং করে তালিকা প্রণয়ন করতে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ ইতিহাস সম্মেলনী কতৃর্ক আয়োজিত ‘দ্বিতীয় ইতিহাস সম্মেলন ২০১৫’ তে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মুনতাসির মামুনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বিচারপতি বি এম খায়রুল হক।
এসময় হাইকোর্টের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা মুুক্তিযোদ্ধাদের নিয়ে যে কাজ করেছে তা খুুব দুঃখজনক। আমি মন্ত্রী হবার পরও তারা মুক্তিযুদ্ধের সময় চার বছরের লোকদের পর্যন্ত মুক্তিযোদ্ধা তালিকায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, ইতিহাস লেখতে হলে শুধু মুক্তিযুদ্ধ নিয়ে লেখলে চলবে না। ওই সময় যুদ্ধাপরাধীরা কি করেছে তাও লেখতে হবে। তাহলে সঠিক ইতিহাস ফুটে উঠবে। এসময় তিনি ইতিহাসকে বাংলার মতো আবশ্যক বিষয় করারও আহ্বান জানান। এছাড়া তিনি বিসিএসে ১০০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ে পরীক্ষা নেয়ারও আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুনতাসির মামুন বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। তবে তা বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপ নেয়া দরকার তা থেকে তারা অনেক দূরে। আমরা চাই সরকার এ ব্যাপারে বাস্তব পদক্ষেপ নিবেন।
এমএএস/পিআর