রাবিতে সহিংসতা বিরোধী মানববন্ধন
দেশে চলমান সহিংসতা বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর আনন্দ কুমার সাহা, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে’র সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন প্রমুখ ।
এসময় বক্তরা বলেন, আজকের এইদিনে এসএসসির ১৫ লক্ষ শিক্ষার্থীর জীবন অনিশ্চিত। বর্তমানে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। অবৈধ অবরোধ-হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মারছে স্বাধীনতা বিরোধী শক্তি। যারা মানবতার শত্রু তাদের রক্ষায় বিএনপি দেশে অবরোধ দিয়ে জ্বালাও-পোড়াও করছে। আমরা এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ্ আজম শান্তনু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এমএএস/আরআই