যশোরে বিপুল শামুক আটক করে অবমুক্ত
মাছের খাবার হিসেবে বিক্রির উদ্দেশে নেয়ার সময় যশোরের মণিরামপুরে বিপুল পরিমাণ শামুক আটক করে তা খাল-বিলে অবমুক্ত করেছে পুলিশ।
শনিবার ভোরে থানা পুলিশ মণিরামপুরের মোহনপুর বটতলা-সংলগ্ন এলাকা থেকে এগুলো আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামুকের মালিকরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের নির্দেশে এ শামুক আটক ও অবমুক্ত করা হয়।
মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি ট্রাক, নসিমন ও আলমসাধু মিলে ২৫টি যানবাহন আটক করা হয়।
যানবাহনগুলো শামুক বহন করে মণিরামপুরের মোহনপুর মোড় দিয়ে নেহালপুরের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে শামুকগুলো উদ্ধার করে ভোরেই তা আশপাশের খাল-বিলে অবমুক্ত করা হয়েছে। শামুক মালিকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
তবে গাড়ির চালকরা পুলিশকে জানিয়েছেন, শামুকগুলো শার্শার পাকশিয়া, চৌগাছার সলুয়া, মাগুরার শালিখা ও শ্রীপুর, পাবনার বিভিন্ন বিল এবং কলারোয়ার বিভিন্ন জলাশয় থেকে সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়ীরা এগুলো মণিরামপুরের বিলকপালিয়া ও খুলনার ফুলতলার বিভিন্ন ঘেরে মাছের খাবার হিসেবে বিক্রির উদ্দেশে নিয়ে আসছিলেন।
ওসি আরো জানান, শামুক প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এগুলো এভাবে সংগ্রহ করে ঘেরের মাছকে খাওয়ানো যাবে না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এগুলো উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মিলন রহমান/এসএস/এবিএস