দুর্গোৎসব পালনে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আসছেন


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৯ অক্টোবর ২০১৬

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে এবার বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক দুর্গোৎসব পালন করতে বাংলাদেশে আসছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান, এবার বাংলাদেশে ভ্রমণেচ্ছুদের চাপ অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। দুর্গা পূজার ছুটি কাটাতে এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসছেন অনেকে।

দুর্গা পূজার ছুটি কাটাতে শনিবার ভারতের কলকাতার দেবাশীষ দত্ত, চিত্ররঞ্জন সমাদ্দার ও হরবিলাস গাঙ্গুলী বাংলাদেশে এসেছেন।

বাগাইহাটির প্রদীপ কুমার, সুকুমার দাস, পিলা রানী বাংলাদেশে এসেছেন শনিবার সকালে। তারা বরিশাল যাচ্ছেন। সেখানকার সুপ্রিয়া সন্নাসী ও মনোরঞ্জন সন্নাসী তাদের নিকট আত্মীয়। পূজার নিমন্ত্রণ রক্ষা করতেই বাংলাদেশে আসা বলে জানালেন প্রদীপ কুমার।

হাবড়ার প্রেমানন্দ, অঞ্জনা নাগ, হরেকৃষ্ণ ও স্বপ্না দাস সপরিবারে এসেছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থানগুলো দেখার জন্য।

প্রেমানন্দ বলেন, সরকারি চাকরি করি। তাই ঘুরে বেড়ানোর সময় পাই না। পরিবারে সময় দিতে পারিনে। এবার পূজার লম্বা ছুটি থাকায় নোয়াখালী বেড়াতে যাচ্ছি। কিছু আত্মীয় আছেন সেখানে। এ সুযোগে তাদের সঙ্গে দেখা করাও হবে। নোয়াখালীতে এবারের পূজায় ৭১ ফুট উঁচু প্রতিমাটি দেখার ইচ্ছা রয়েছে তার।

কলকাতার গৌতম মল্লিক ঢাকার ফরিদাবাদে আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছেন।

ঢাকেশ্বরী মন্দিরের নাম শুনেছি বটে তবে দেখা হয়নি। ওখানে যাবো। পূজো দেবো। আত্মীয় স্বজনদের সঙ্গে এবার পূজোটা জমিয়ে করবো বলেন, গৌতম মল্লিক।

বাগাইহাটির সুকুমার দাস বলেন, কাজের ব্যস্ততার কারণে এতোদিন সময় করে উঠতে পারেননি। লম্বা ছুটি পাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছি।
ভারতের ২৪ পরগনার হাবড়ার অঞ্জনানাগ বলেন, এপারে আসলাম বাংলাদেশি আত্মীয়-স্বজনদের সঙ্গে পূজার উৎসবকে ভাগাভাগি করতে। একই সঙ্গে বাংলাদেশের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার ইচ্ছাও রয়েছে।

জামাল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।