মুক্তিপণে ছাড়া পেলেন রাবার বাগানের তিন প্রহরী


প্রকাশিত: ০৬:৪১ এএম, ২৭ অক্টোবর ২০১৬

কক্সবাজারের রামুর ঈদগড় সীমান্তের পার্বত্য নাইক্ষ্যংছড়ির বাইশারীতে রাবার বাগানের অপহৃত ৩ প্রহরী পাঁচদিন পর মুক্তিপণে ছাড়া পেয়েছেন।

বুধবার মাঝ রাতে ঈদগড়-বাইশারী সড়কের আশ্রয়ণ প্রকল্পের পশ্চিমের রিজার্ভ বনে টাকা বুঝে নেয় অপহরণকারীরা। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাইশারীর উত্তর পাহাড়ি এলাকা চাইল­াতলীতে তাদের ছেড়ে দেয়া হয়।

এর আগে রোববার ভোর ৫টার দিকে হেডম্যানপাড়ার বেতঝুরি এলাকার পিএইচপি গ্রুপের ৮ নম্বর রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা মধ্যম বাইশারীর সোলতান আহমদের ছেলে মো. আজিজুল হক (৩১), হলুদিয়াশিয়া এলাকার কালুর ছেলে নুরুল আলম (৩৪) ও উত্তর বাইশারীতে বসবাসকারী মৃত কালু ফকিরের ছেলে আবদুর শুক্কুরকে (৪০) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত আজিজুল হকের বড় ভাই সাবেক সেনা সদস্য আবদুল হামিদ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে অপহৃত তিন জনকে চাইল­াতলী এলাকায় ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে বুধবার রাতে অপহরণকারীদের কথামতো ঈদগড়ের রিজার্ভ বনে গাছের গোড়ায় মুক্তিপণের টাকা পৌঁছে দেয়া হয়। বান্দরবানের এসপিসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে টাকা দেয়া হয়েছে।

অপহৃত আজিজুল হকের জন্য দুই লাখ এবং নুরুল আলমের জন্য এক লাখসহ মোট তিন লাখ টাকা পরিশোধ করা হলে তাদের ছেড়ে দেয়া হয়। আবদুর শুক্কুর অতিদরিদ্র জেনেই তার জন্য টাকা দাবি ছেড়ে দেয় অপহরণকারীরা।   

অপহৃতদের বরাত দিয়ে তিনি আরো জানান, অপহরণকারী দলে বাঙালি ও আদিবাসী মিলে ২৫-৩০ জন রয়েছে। তারা চোখ বেধে এ পাহাড় থেকে ও পাহাড়ে নিয়ে রাখত তাদের। ছেড়ে দেয়ার আগেও এসব বিষয়ে কাউকে না বলার কড়া নির্দেশনা দেয় তারা।
 
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু মুছা ঘটনার সত্যতা স্বীকার করলেও মুক্তিপণ পরিশোধের বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করছে।

সায়ীদ আলমগীর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।