মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

 

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রতিপক্ষের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ‘প্রতিপক্ষের প্রায় ২০০ সমর্থক বাড়িতে এসে ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। এর পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।’

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম। তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজিএইচ/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।