চট্টগ্রামে ট্রাকে পেট্রলবোমা, দগ্ধ ৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের কাপ্তাই সড়কে একটি বালুবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের চালক, হেলপার ও এক শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে ইউনিয়নের মহাজন বটতল এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন চালক মোহাম্মদ সেলিম, হেলপার সেলিম এবং শ্রমিক দুলাল।
দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বালুবোঝাই ট্রাকটি কাপ্তাই সড়কের মহাজন বটতল এলাকা অতিক্রম করার সময় অন্ধকারে ঝোপের আড়াল থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে ট্রাকে আগুন ধরে গেলে চালক, হেলপার এবং এক বালু শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া সদর থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএ/আরআইপি