বরিশালে পুলিশের জলকামানের মহড়া
একদল উচ্ছৃংখল জনতা নাশকতা ঘটানোর জন্য একটি স্থানে জড়ো হয়েছে। তারা পেট্রল বোমা ছুড়ে এবং আগুন জ্বালিয়ে নাশকতা করছে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতেই তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল এবং পেট্রল বোমা ছুড়ে মারছে।
এই অবস্থায় পুলিশের একটি আধুনিক জলকামান বিভিন্ন রংয়ের পানি ছুড়তে ছুড়তে উচ্ছৃংখল জনতার দিকে ধেয়ে যাচ্ছে।
তাদের তৎপরতার মুখে নাশকতাকারীরা পিছু হটে এবং জলকামানের পানিতে কয়েক জন আহত হয়।
পুলিশেরই একটি অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বরিশাল পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রীর তরফ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে পাঠানো আধুনিক জলকামানের উদ্ধোধনী অনুষ্ঠানে এমন মহড়ার আয়োজন করা হয়।
মহড়া দেখতে মাঠের চারিদিকে ভিড় করে অনক উৎসুক জনতা। ফিতা কেটে এবং মোনাজাতের মাধ্যমে এই জলকামানের উদ্ধোধন করেন মেট্রো পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।
এসময় উপ-কমিশনার (সদর) শোয়েব আহাম্মদ, উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান, উপ-কমিশনার (উত্তর) মো. জিল্লুর রহমান, উপ-কমিশনার (ট্রাফিক) আবু রায়হান মো. সালেহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জানান, উচ্ছৃংখল জনতাকে ছত্রভঙ্গ করা ছাড়াও সাড়ে ৭ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন এই জলকামান মানব সেবায় ব্যবহার করা যাবে।
এমএএস/পিআর