কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম গ্রামে দুই যুবককে তিনদিন আটকে রেখে বৈদ্যুতিক শক ও পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে মঙ্গলবার সন্ধায় ওই বাড়িতে মোক্তার হোসেন নামের (২২) এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করতে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর গ্রামে। আহত অপর যুবক সবুজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ কিংবা মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বুড়িচং উপজেলার মোকাম গ্রামের হাকিম আলীর ছেলে সাইফুলসহ তার সহযোগীরা নিজ বাড়িতে ওই দুই যুবককে গত ৩ দিন ধরে আটকে রেখে বৈদ্যুতিক শক ও পিটিয়ে আহত করে। এতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর বাড়ির লোকজন পালিয়ে যায়।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া জানান, বাড়ির লোকজন পলাতক থাকায় ঘটনার রহস্য জানা যাচ্ছে না। আগামীকাল কুমেক হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত করা হবে।
মো. কামাল উদ্দিন/এএম/এবিএস