কুমিল্লায় পুলিশ-ডাকাত গুলিবিনিময় : অস্ত্রসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২০ পিএম, ১২ নভেম্বর ২০১৬

মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে কুমিল্লার হোমনায় পুলিশের সঙ্গে নৌ-ডাকাতদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পিস্তল, বোমা ও অন্যান্য সামগ্রীসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

ডাকাতদের হামলায় আহত হয়েছে পুলিশের এক সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড গুলি করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
পুলিশ জানায়, শনিবার বিকেলে হোমনার শ্রীমদ্দি সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। খবর পেয়ে থানার এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই নৌ-ডাকাতকে গ্রেফতার করে ফেরার পথে পুলিশের ইঞ্জিনচালিত ট্রলারকে পেছন থেকে ডাকাতদের সহযোগীরা ধাওয়া করে।

এক পর্যায়ে উপজেলার চরেরগাঁও এলাকার তিতাস ও মেঘনা নদীর মোহনায় পৌঁছলে আটকদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি, ইট-পাটকেল ও বোমা নিক্ষেপ করে ডাকাতরা। এতে পুলিশের কনস্টেবল মো. জামাল মোল্লা (৩৩) আহত হন।

এ সময় পুলিশও ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। আহত পুলিশ সদস্যকে হোমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লা পুলিশ হাসপাতালে আনা হয়েছে।

আটকরা হলেন, মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল (২৮) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. জুয়েল (২৮)।

এসময় আটকদের কাছ থেকে একটি এল.জি, চাইনিজ পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ১১টি কার্তুজ, সাতটি হাত বোমা, তিনটি রাম দা, একটি বড় ছোরা, তিনটি স্পিড বোট, ৪টি হেলমেট এবং ১০টি লাইফ জ্যাকেট উদ্ধার করে পুলিশ।
 
রাতে হোমনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল হক জানান, অস্ত্র নিয়ে নৌ-ডাকাতের একটি দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে হোমনা থানার পুলিশ অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে গ্রেফতার করে। এসময় ডাকাতদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ১৯ রাউন্ড গুলি চালায়।

মো. কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।