যশোরে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ১


প্রকাশিত: ০২:৩৩ এএম, ১৮ নভেম্বর ২০১৬

যশোরে হাফিজুর রহমান মরা (৩৫) নামে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে নিহত হওয়ার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শুক্রবার ভোরে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকা থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুর শহরের ষষ্ঠীতলাপাড়ার মৃত শফি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে দুই দল সন্ত্রাসী শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় গোলাগুলি শুরু করে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী হাফিজুর রহমান মরার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত হাফিজুর রহমান মরার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজন মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।