কুমিল্লায় এক হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৫ নভেম্বর ২০১৬

কুমিল্লায় এক হাজার বোতল ফেনসিডিলসহ বাবুল মিয়া ও লিটন মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের আটক করে।

জানা যায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে এমন খবর পেয়ে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহ্ কামাল আকন্দ ও উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম শুক্রবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অভিযান চালায়।

এসময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৫টি প্লাস্টিকের বস্তায় ভর্তি এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কাসেম আলীর ছেলে বাবুল মিয়া (৩৮) ও নোয়াখালীর চাটখিল উপজেলার পাওরা গ্রামের আবুল কাসেমের ছেলে লিটন মিয়াকে (৩৬) আটক করা হয়।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহ্ কামাল আকন্দ জানান, এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।