দেশবাসী নৌকার অবসান চায় : গয়েশ্বর


প্রকাশিত: ১১:০১ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিতে চায় আর দেশবাসী নৌকার অবসান চায় বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার দুপুরে নাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন পর ধানের শীষে ভোট দেয়ার সুযোগ পেয়েছে। তাদের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আর ভোটের দিন কেন্দ্রে প্রবেশ করে যারা ভোট লুট করতে আসবে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। আর কেন্দ্রে গিয়ে ভোট লুট করতে না পারে নেতাকর্মীদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। নারায়ণগঞ্জবাসী যদি চায় তাদের পছন্দকৃত প্রার্থীকে ভোট দেবেন তাহলে তাদের চাওয়া আমাদেরই বাস্তবায়ন করতে হবে।

আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিষয়ে তিনি বলেন, আইভী যে দলের প্রার্থী হয়েছেন সেই দল ভালো না। যেই নৌকায় উঠেছে সেই নৌকা মানুষকে অশান্তিতে রাখছে, মানুষকে গণতন্ত্র নিয়ে কথা বলতে দিচ্ছে না। বর্তমান সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে গুম ও খুন হয়ে যায়। সেই দলের প্রার্থী হচ্ছেন আইভী।

সরকারের কঠোর সমালোচনা করে নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ক গয়েশ্বর বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে মিডিয়া স্বাধীনভাবে কিছু লিখতে পারে না। হাত-পা বেঁধে দেয়া হয়েছে। ইচ্ছা করলে সত্যটা লিখতে পারছে না। আমি জানি মিডিয়ার অস্ত্র খুব শক্তিশালী এবং তাদের অস্ত্র খুব ধারালো। তাই মিডিয়া বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ নাসিক নির্বাচনে নারায়ণগঞ্জবাসী যেন তাদের ভোটের যে অধিকার তা বঞ্চিত না হয়।

তিনি আরো বলেন, বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত একজন সৎ ও সাহসী ব্যক্তি। তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তাকে নির্বাচিত করলে নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, সাবেক এমপি অ্যাড. আবুল কালাম, গিয়াসউদ্দিন, আতাউর রহমান খান আঙুর, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সেক্রেটারি কাজী মনিরুজ্জামান, সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
 
শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।