মেয়র হলে না.গঞ্জ শহর যানজটমুক্ত করবেন সাখাওয়াত


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে সাবেক মেয়র কোনো ধরনের ভূমিকা পালন করেনি। যানজট নিরসনে কোনো পরিকল্পনা করতে পারেনি। তাই বলেন, আমি নির্বাচিত হলে পরিকল্পনা মোতাবেক নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান করা হবে। শহরের চাষাঢ়া ও ২নং রেলগেট এলাকায় ফ্লাইওভারসহ সব সরু রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে নারায়ণগঞ্জ শহর থেকে যানজট দূর করা হবে।

বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

sakawat

বিকেলে সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।   

সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জবাসীর মধ্যে ঐক্য সৃষ্টির মাধ্যমে সন্ত্রাস ও মাদক নির্মূল করে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করা হবে। অযৌক্তিকভাবে চাপানো অসহনীয় সব প্রকার ট্যাক্স সহনীয় করা হবে। সামাজিক উন্নয়নে হাসপাতাল, মেডিকেল কলেজ, স্কুল প্রতিষ্ঠিত করা হবে। শীতলক্ষ্যা ব্রিজ সৃষ্টির মাধ্যমে দুই পাড়ের বিভক্তি মেটানো হবে।

তিনি অভিযোগ করেন, বিগত ১৩ বছর আইভী পৌরসভাসহ সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করে নারায়ণগঞ্জে অপরাধ দমনে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। তিনি মেয়র থাকাকালীন তার একজন কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে খুন করা হলেও তিনি কোনো জোরালো প্রতিবাদ করেনি। আমি গুম, খুন, সন্ত্রাস, অপরাধ নিয়ে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবো।

sakawat

এদিকে সাখাওয়াত হোসেন খান বুধবার সকাল ৮টা হতে শহরের মিশনপাড়া, চাষাঢ়া, আমলাপাড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। পরে তিনি পাইকপাড়া, বাবুরাইলসহ আশপাশ এলাকায় গণসংযোগ করেন। দুপুরের পর সিদ্ধিরগঞ্জে কয়েকটি ওয়ার্ডে শামা ওবায়েদ, সিদ্ধিরগঞ্জের সাবেক এমপি গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

এদিকে সকালে সাখাওয়াতের সঙ্গে গণসংযোগে নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, বিএনপি নেতা আবুল আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।