আইভীর পক্ষে কাজ করবেন শামীম ওসমান : জাফরউল্লাহ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াত আইভীর উপর থাকা রাগ-ক্ষোভ ভেঙে ‘নৌকা’র পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। এমন কথা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।
তিনি বলেন, মঙ্গলবার রাতে শামীম ওসমান আমাকে ফোন করে জানিয়েছেন- জাফর ভাই আমি সিলেট মাজার জিয়ারত করে ঢাকায় এসেছি। আমার নেত্রীর নির্দেশ, আমি সিটি নির্বাচনে নৌকার পক্ষে আছি, নৌকার পক্ষে, আইভীর পক্ষে কাজ করবো।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাজী জাফরউল্লাহ এমন তথ্য জানালেন। সভায় আওয়ামী লীগের প্রার্থী ডা.সেলিনা হায়াত আইভীও উপস্থিত ছিলেন।
তবে আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহ আইভীর পক্ষে শামীম ওসমান কাজ করবেন এমন কথা সাংবাদিকদের জানালেও শামীম ওসমান আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। শামীম ওসমান রাতে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অবস্থান করলেও নৌকার পক্ষে কাজ করবেন কি-না নিজের অবস্থান স্পষ্ট করেননি।
এদিকে শামীম ওসমানের মুখের কথার শোনার জন্য নারায়ণগঞ্জের মানুষের আকাঙ্ক্ষা ছিল, কী বলবেন শামীম ওসমান। এছাড়া আইভীর পক্ষে কাজ করার জন্য শামীম ওসমানের নির্দেশনার অপেক্ষায় ছিল মহানগর আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে এসে কয়েক দফা বৈঠক করে নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিলেও মাঠে নামতে দেখা যায়নি। এমনকি আইভী প্রতীক নেয়ার সময় তার সঙ্গে শামীম ওসমানপন্থি নেতারা কেউ উপস্থিত হয়নি। এমনকি আইভীর সঙ্গে গণসংযোগে অংশগ্রহণ করেনি।
এদিকে আইভীর পক্ষে গণসংযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। আর কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান চৌধুরী নফেল, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রশিদুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু প্রমুখ।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি রোকনউদ্দীন আহম্মেদ, গোপীনাথ দাস, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহামুদা আক্তার মালা, জিএম আরাফাত, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি এমএ রশিদ ভুইয়া, সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ মহানগর আওয়ামী লীগের সব নেতাকর্মী।
মো. শাহাদাত হোসেন/বিএ