আড়াইহাজারে সংঘর্ষে নিহত ১, আহত ৫


প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৫ মার্চ ২০১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবু তালেব মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর  ইউনিয়নের কল্যানদী বালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু তালেব বালিয়াপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যানদী বালিয়াপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে সেলিনা পাশের বাড়ির রুকু  মিয়ার ছেলে সোহেলকে ৮০০ টাকা ধার দেন। ওই পাওনা টাকা চাইতে গেলে সোহেল জানান সেলিনার ৫০০ টাকা আগে শোধ করা হয়েছে। সে ৩০০ টাকা পাবে।

এ নিয়ে রোববার বিকেলে সেলিনার সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার একপর্যায়ে  দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে প্রতিপক্ষ সোহেলের লোকজন সেলিনার বাড়িতে গিয়ে তার বাবা আবুল তালেবসহ ৬ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদেরকে গুরুতর অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আবু তালেবকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এসআরজে


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।