কক্সবাজার

নতুন কমিটি নিয়ে ক্ষোভে ফুঁসছেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:০৫ এএম, ০৪ মে ২০২৬

কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে রোববার (৩ মে) সন্ধ্যায় শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা।

বিক্ষোভের আগে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মিজানুল আলম দাবি করেন, যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে জুনিয়র ও অযোগ্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তার অভিযোগ, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে কমিটির বিষয়ে নিজের ‘অসহায়ত্ব’ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

মিজান বলেন, কেন্দ্রীয় সভাপতি আমাকে বলেছেন, ‘আমি দুঃখিত, আমি নিরুপায়। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি পারিনি। আমার হাত-পা বাঁধা।’ তবে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির একাধিকবার ফোন করা সত্ত্বেও রিসিভ করেননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের অনুসারীদের পরিকল্পিতভাবে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে এবং এমন একজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে যার আগে কোনো পদ-পদবি ছিল না।

সংবাদ সম্মেলন শেষে মিজানের অনুসারীরা রাস্তায় নেমে স্লোগান দেন এবং অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নতুন কমিটি নিয়ে ক্ষোভে ফুঁসছেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা

বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন কমিটিতে স্বজনপ্রীতি হয়েছে এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের অনুগত নেতা-কর্মীদের ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে।

এর আগে শনিবার রাতে কমিটি ঘোষণার পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রতিক্রিয়ায় সরগরম হয়ে উঠেছে অনলাইন। একের পর এক পোস্টে তারা তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের বলেন, এখন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। পরে কথা বলব।

জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, কেন্দ্র থেকে যাকে যোগ্য মনে করা হয়েছে, নেতা বানিয়েছে। এটা নিয়ে এত মাতামাতি করার কী আছে।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

উল্লেখ্য, শনিবার (২ মে) প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সাবেক কমিটির সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদ হোসেন মাদুকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ জাহেদ নুর জিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আশরাফ ইমরানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

২০১৮ সালের ১৯ আগস্ট সর্বশেষ কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন পেয়েছিল। সেই কমিটিতে শাহাদাত হোসাইন রিপনকে সভাপতি ও ফাহিমুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৫ আগস্ট ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সায়ীদ আলমগীর/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।