আমরা মহাজোটের সঙ্গে নেই : এলজিআরডি প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা কোনো মহাজোটের সঙ্গে নেই। নির্বাচনের কৌশল হিসেবে অনেক সময় এলায়েন্স করা হয়। পরিস্থিতি বুঝে তখন আমরা বিবেচনা করবো। এখন পর্যন্ত আমরা এককভাবে নির্বাচনের কথা ভাবছি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের ২৮ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে সমবায় ব্যাংকের বিএসবিএল কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সমবায় প্রতিমন্ত্রী বলেন, দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান সমবায় ব্যাংক সমবায়ীদের জীব মানোন্নয়নে রূপকল্প-২০২১ এর আলোকে বিশেষ আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষকবান্ধব সরকার পাঁচ হাজার টাকা পর্যন্ত সমবায়ী কৃষকদের ঋনের সুদের ওপর ভর্তুকির অর্থ প্রদান করছে।

এতে সমবায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। নারায়ণগঞ্জ সমবায় ব্যাংক ভবনের দোকান বরাদ্দের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা রাখার চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।