আইভী শপথ নেবেন আজ


প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শপথ গ্রহণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. সেলিনাকে মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করাবেন। সেইসঙ্গে নাসিক নির্বাচনে নির্বাচিত ২৭ ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মিলিয়ে মোট ৩৬ কাউন্সিলর আজ শপথ গ্রহণ করবেন।
 
ভোটের দুই সপ্তাহের মাথায় শপথ নিচ্ছেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের তুলনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নাসিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে পুনঃনির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

ধানের শীষ প্রতীকে অংশ নেয়া বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী।

ওই নির্বাচনে ডা. আইভী পান মোট ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। বিপরীতে বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট।

২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক সংশ্লিষ্ট ব্যক্তিদের এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।