কক্সবাজারের সেই বখাটের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের চকরিয়ায় মাদরাসাছাত্রী হুরে জান্নাত বিলকিসকে ছুরিকাঘাতের ঘটনায় বখাটে মিনহাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চকরিয়া থানায় এ মামলা করেন।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) নির্দেশে বখাটের বিরুদ্ধে এ মামলা হয়। এজাহার পাওয়ার পর বখাটে মিনহাজকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন, চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে গত বৃহস্পতিবার ওই ছাত্রীকে ছুরিকাঘাতে আহত করে মিনহাজ। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

আহত বিলকিস চকরিয়ার কোণাখালী সেনঘোনা এলাকার মোকতার আহমদের মেয়ে ও কোণাখালী হেদায়তুল উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নজরে এলে রোববার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত মতে বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে আহত শিক্ষার্থীর বাবাকে দিয়ে মামলা করানো হয়।

এজাহারটি আমলে নিয়ে বখাটেকে ধরতে পুলিশ অভিযানে যায়। সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন মুঠোফোনে এসব কথা জানান ।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এজাহার জমা নেয়া হয়েছে। অভিযুক্ত বখাটেকে ধরতে পুলিশ রোববার সন্ধ্যার পর থেকে অভিযান চালাচ্ছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।