না.গঞ্জে ৫ খুনের এক বছর : ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের আলোচিত ৫ খুনের এক বছর আজ সোমবার পূর্ণ হয়েছে। মামির সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে একই পরিবারের দুই শিশুসহ ৫ জনকে শ্বাসরোধে হত্যা করে ভাগ্নে মাহফুজ। ইতোমধ্যে চাঞ্চল্যকর এ মামলাটিতে ৩০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

২০১৬ সালের ১৫ জানুয়ারি গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামের একটি বাড়ির নীচতলার ফ্ল্যাটে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে ভাগ্নে মাহফুজ।

পরদিন রাতে ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, তাসলিমা আক্তার (৪০) তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) এবং তার জা লামিয়া (২৫)।

ওই বছরের ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ এর আদালতে ভাগ্নে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা তুলে ধরেন।

হত্যাকাণ্ডের ৮০ দিন পর ৬ এপ্রিল নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ওয়াজেদ আলী খোকন জানান, ৫ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মামলা পরিচালনা করছেন।

মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে এক বছরে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু সাক্ষীরা নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হওয়ায় সাক্ষ্যগ্রহণে বিলম্বিত হচ্ছে। কারণ সাক্ষীদের খুঁজে খুঁজে বের করে সাক্ষ্য দেয়াতে হচ্ছে। তবে আশা করা যাচ্ছে চলতি বছরেই বাকিদের সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

মামলার বাদী নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষগ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করছি দ্রুত মামলার সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেবেন আদালত।
 
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।