ঝালকাঠি

ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠির বিভিন্ন এলাকায় রাজনৈতিক কার্যালয়, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

শেখ নেয়ামুল করিম বলেন, সম্প্রতি জেলার একাধিক স্থানে পরিকল্পিতভাবে রাজনৈতিক অফিস, ব্যক্তিগত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করা এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই এসব সহিংস ঘটনার মূল উদ্দেশ্য। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এবি পার্টির ঝালকাঠি জেলা আহ্বায়ক শেখ জামাল হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মো. আমিন হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।