যশোরে ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

যশোরের বাঘারপাড়ার খলসি গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক জাকারিয়া সরদার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাঘারপাড়ার খলসি গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে টিটো, খাজুরা বাজার মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হিটলার ও সদর উপজেলার ভগবতিতলা গ্রামের পীরবক্স মওলার ছেলে জাহিদ হাসান মওলা।

মঙ্গলবার স্পেলাশ জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ।

মামলার অভিযোগে জানা গেছে, খলসি গ্রামের জাকারিয়া সরদার ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ২০০৬ সালের ২১ অক্টোবর সকালে প্রতিদিনের মতো জাকারিয়া মোটরসাইকেল নিয়ে ভাড়ায় চালাতে বাড়ি থেকে বের হয়ে যান। আসামিরা জাকারিয়াকে ভাড়ার কথা বলে হিটলারদের বাড়ি নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ থাকার পার তারা বেরিয়ে যায়।

পরে আসামিরা রাতে জহুরপুর ইউনিয়েনের হাবুরেডাঙ্গার মাঝিয়ালী গ্রামের রাস্তায় নিয়ে জাকারিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ২২ অক্টোবর নিহতের বাবা নুরুল সরদার বাদী হয়ে তিনজনকে আসামি করে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন।
 
২০০৭ সালের ৫ জানুয়ারি মামলার তদন্ত শেষে হত্যার সঙ্গে জাড়িত থাকার অভিযোগ পাওয়ায় টিটো, হিটলার ও জাহিদকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হাই সরকার।

এ মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত হিটলার ও জাহিদ হাসান মাওলা পলাতক রয়েছেন।

মিলন রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।