গাজীপুরে ট্রাক উল্টে দুই শিশু নিহত


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকায় লাকড়িবোঝাই ট্রাক উল্টে দুই শিশু নিহত হয়েছে।

নিহত শিশুরা, ময়মনসিংহের কোতোয়ালি থানার তালহাসাদিয়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে রত্মা (৪) এবং একই এলাকার চান মোল্লার ছেলে আব্দুলাহ (৬)। আলমগীর ও চান মোল্লা পদ্মা গেইট এলাকায় আবু সাইদের বাড়ির ভাড়াটে। নিহত শিশুরা সম্পর্কে খালাতো ভাই-বোন।

বুধবার বিকেলে দক্ষিণ পানিশাইল এলাকার পদ্মা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কাশিমপুরের পদ্মা হাউজিং এলাকার লাবিব ফ্যাশন কারখানার গলিতে রাস্তার পাশে খেলা করছিল আব্দুল্লাহ ও রত্মা।

এ সময় কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকা থেকে লাকড়িবোঝাই ট্রাক লাবিব ফ্যাশন কারখানার গলিতে তোফাজ্জল হোসেনের হোটেলের সামনে পৌঁছে। পরে পার্কিং করতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে রাস্তার পাশে থাকা দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।