দলে শক্তি ও গতি বাড়াতে কাউন্সিলে মনোযোগ বিএনপির
দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুত কাউন্সিল আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি। পাশাপাশি সরকারের ঘোষিত ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে দলীয় কার্যক্রম, সাংগঠনিক অবস্থা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক রাত ১১টার দিকে শেষ হয়।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দলের সাংগঠনিক বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের বিষয়ে মতামত উঠে এসেছে।
তিনি জানান, সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। এর কার্যকারিতা, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করে সদস্যরা নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও ড. খন্দকার মোশাররফ হোসেন।
কেএইচ/এমকেআর