ইজতেমায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে যুবক আটক
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশের ধারণা আটক ওই যুবক মানসিক প্রতিবন্ধী। তার নাম আলী মুন্সী (২৭)। সে চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে।
পুলিশ ও মুসল্লিরা জানান, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশি নিবাসে বৃহস্পতিবার বিকেলে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পরে পুনরায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা করে।
বোরকা পরে ইজতেমা ময়দানে তাকে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লিদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লিরা নিশ্চিত হয় আটককৃত একজন পুরুষ। রাতে খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। সে পাগলের মতো আচরণ করছে ও কথা বলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস