গ্যাস লাইটার কারখানার আগুনে তদন্ত কমিটি গঠন, চলছে উদ্ধারকাজ
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলমান আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত
এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, কেরানীগঞ্জের একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। আমরা ১টা ১১ মিটিটে তথ্য পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। এ মুহূর্তে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আর বিকেল পৌনে পাঁচটার দিকে পুরোপুরি নেভানো হয়।
কেআর/এমকেআর