গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা
যশোরে হাসি বেগম ওরফে রূপালী (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের নিজ ঘরের খাটের ওপর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। গৃহবধূর স্বজনদের দাবি, যৌতুক হিসেবে মোটরসাইকেল কিনে দেয়ার পর এর লাইসেন্স করার জন্যও টাকা দাবি করে গৃহবধূর স্বামী আবদুর রহিম। দাবি করা টাকা পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
হাসি বেগম ওরফে রূপালী যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী। তিনি মণিরামপুরের ঝাঁপা এলাকার ডালিম হোসেনের মেয়ে।
মৃতের চাচা মাহাবুবুল আলম ও রফিকুল ইসলাম জানিয়েছেন, হাসি বেগম ওরফে রূপালীর বাবা ডালিম হোসেন বিদেশ থাকেন। তার (হাসি) স্বামী আবদুর রহিম গত ডিসেম্বর মাসে মোটরসাইকেল কিনে দিতে চাপ দেন। বাধ্য হয়ে মোটরসাইকেল কিনে দেয়া হয়।
এখন সেই মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য টাকা দাবি করে রহিম। এ নিয়ে হাসিকে রহিম নির্যাতন করতেন। এরই জের ধরে শুক্রবার মধ্যরাতে হাসিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে ঘটনাস্থলে যান যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।
এসআই শহিদুল ইসলাম জানান, গৃহবধূর গলার নিচের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। তার গলায় ওড়না পেঁচানো ছিল। এ মৃত্যু নিয়ে দুই পক্ষ দুই ধরনের দাবি করছে। ফলে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সেটা নিশ্চিত করে বলা সম্ভব না।
মিলন রহমান/এএম/আরআইপি