মধুমেলায় অশ্লীল নৃত্য : ২৬ প্যান্ডেল উচ্ছেদ
পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের প্রস্তুতির অভিযোগে মধুমেলা প্রাঙ্গণ থেকে ২৬ প্যান্ডেল উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
শনিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মেলা প্রাঙ্গণ থেকে এসব প্যান্ডেল উচ্ছেদ করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবছর জেলা প্রশাসন ২৪ লাখ ৫০০ টাকায় মধুমেলা ইজারা দিয়েছে। মেলার ইজারা পেয়েছে ফাতেমা এন্টারপ্রাইজ। মেলার মাঠে সাবলিজ নিষিদ্ধ করা হয়েছে ইজারা শর্তে। কিন্তু শর্তভঙ্গ করে সাবলিজ দেয়া হয়েছে।
একই সঙ্গে মেলায় বাণিজ্যিক কোনো কুরুচিপূর্ণ নৃত্য, দৃশ্য, অশ্লীলতা, পুতুল নাচ, জুয়া, লটারি, হাউজি, ম্যাজিক শো আয়োজন বা প্রদর্শন নিষিদ্ধ আছে। কিন্তু ইজারা শর্তের ৩ ও ৬ ধারা উপেক্ষা করা হয়েছে। মেলা প্রাঙ্গণে অশ্লীল নৃত্য পরিবেশনের জন্য ২৬টি প্যান্ডেল নির্মাণ করা হয়।
এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরপর শনিবার বিকেলে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান এবং কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর ও কেশবপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলামের উপস্থিতিতে প্যান্ডেলগুলো উচ্ছেদ করা হয়। পাশাপাশি মাইক, সাউন্ডবক্স, সরঞ্জাম জব্দ করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ হাসান জানান, পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের প্রস্তুতির অভিযোগে প্যান্ডেলগুলো উচ্ছেদ করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
মিলন রহমান/এএম/আরআইপি