রূপগঞ্জে পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষে আহত ৮


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় রেকার চাঁদাবাজিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারী ও পুলিশের এএসআইসহ আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

আহতদের মধ্যে, ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম, ব্যাটারিচালিত অটোরিকশাচালক হিরো, মালিক বিপ্লব ও রেকারচালক সেকান্দারকে তাৎক্ষণিক আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় রেকারচালক সেকান্দার একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে।

এ সময় ওই অটোরিকশাচালক হিরোর কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত এক হাজার টাকা দিতে স্বীকার করেন হিরো। কিন্তু দাবিকৃত দুই হাজার টাকাই দিতে হবে বলে সাফ জানান সেকান্দার। এ নিয়ে সেকান্দারের সঙ্গে অটোরিকশাচালক হিরো ও মালিক বিপ্লবের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে রেকারচালক সেকান্দার ও ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম মিলে অটোরিকশাচালক হিরো ও মালিক বিপ্লবকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করতে গেলে স্থানীয় পরিবহন শ্রমিকদের উপর চড়াও হয় পুলিশ।

এতে পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম ও রেকারচালক সেকান্দারকেও পিটিয়ে আহত করে। পরে তাদের দুইপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশকে মারধর করার অভিযোগে অটোরিকশা মালিক বিপ্লবকে আটক করা হয়েছে।

মীর আব্দুল আলীম/এএম


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।