রংপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ২
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী ইউনিয়ন পরিষদের খান চৌধূরী দাখিল মাদ্রাসা ও পালারহাট ভোট কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় পুলিশের গুলিতে দু’জন নিহত ও আরো ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লোকমান হোসেন (৪০) ও সবুজ (১৬)।
লোকমান হোসেনের বাবার নাম মৃত লৎফর রহমান এবং সবুজের বাবার নাম আবেদ আলী। এ ঘটনায় আহতদের রংপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সদ্যপুষ্করণী ইউনিয়ন পরিষদের খান চৌধূরী দাখিল মাদ্রাসার ভোট গণনা শেষে পোলিং এজেন্টরা ফলাফল ঘোষণা না করে সদর উপজেলা নির্বচন কেন্দ্রে গিয়ে ফলাফল ঘোষণা করতে চাইলে এলাকাবাসীরা এতে বাধা দেয়। এর এক পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের উপর হামলা করে এলাকাবাসী। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় খান চৌধূরী দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে ঘটনা স্থলেই লোকমান হোসেন (৪০) এবং একই ইউনিয়ন পরিষদের পালারহাট কেন্দ্রে সবুজ (১৬) নিহত হন। একই ঘটনায় আরো ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান এলাকাবাসী। আহতদের রংপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও ঘটনাস্থল ও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আরএস/ এমএএস