প্যাসিফিক সুয়েটার্স কারখানার ৬৪৯ শ্রমিক চাকরিচ্যুত
নারায়ণগঞ্জের বিকেএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি আব্দুর রহমানের প্যাসিফিক সুয়েটার্স নামের একটি রফতানিমুখী গার্মেন্টের ৬৪৯ জন শ্রমিককে সমস্ত বকেয়া পাওনাদি পরিশোধ করে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।
রোববার দুপুর থেকে বিকেল অবধি শহরের চাষাঢ়া বালুরমাঠে অবস্থিত গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ’র কার্যালয়ের সম্মেলনকক্ষে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়।
৬৪৯ জন শ্রমিককে মালিকপক্ষ ৩ কোটি ১ লাখ ২২ হাজার টাকা পরিশোধ করেছেন বলে জানান বিকেএমইএ’র সহসভাপতি (অর্থ) জিএম ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সহসভাপতি রফিকুল ইসলাম, রোমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা প্রমুখ।
জানা গেছে, সম্প্রতি শহরের চাষাঢ়া বালুরমাঠে অবস্থিত প্যাসিফিক সুয়েটার্স নামের একটি রফতানিমুখী গার্মেন্টের ৬৪৯ জন শ্রমিককে ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করার নোটিসে শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে উঠে।
পরবর্তীতে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করে। পরে ৩০ জানুয়ারি রাতে বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের এমপি সেলিম ওসমানের কারখানায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে মালিকপক্ষ শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী শ্রমিকদের সমস্ত পাওনাদি পরিশোধে সম্মত হয়।
জিএম ফারুক জানান, অ্যাকর্ড অ্যালায়েন্স ব্যাংকে ও বায়ারদের কাছে চিঠি দেয়ার কারণে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম