মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ক্রীড়া লেখক সমিতি চ্যাম্পিয়ন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার শাখা আয়োজিত প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র প্রথম শিরোপা ঘরে তুলেছে ক্রীড়া লেখক সমিতি একাদশ। ৩১ মার্চ বেলা ২ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কক্সবাজার রিপোর্টার্স ইউনিটিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি। তারা ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। ৯৭ রানের টার্গেট মাথায় রেখে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করে ক্রীড়া লেখক সমিতি একাদশ। ৬ উইকেট হাতে রেখে ১২ ওভার ২ বলে ৯৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রিপোর্টার্স ইউনিটির রাশেদ রিপন।
কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আলী হোসেন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পিন্টু, সাংবাদিক নেতা মুহাম্মদ আলী জিন্নাত, ফজলুল কাদের চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ থেকে কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এ প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। পাঁচটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রথম রাউন্ড ও সেমি-ফাইনালে অপরাজিত থেকে ফাইনালের টিকেট নিশ্চিত করে ক্রীড়া লেখক সমিতি ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি। এতে ফাইনালিস্ট দু’দল ছাড়াও কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব, কক্সবাজার সম্পাদক পরিষদ ও কক্স-মিডিয়া অপারেটরস এসোসিয়েশন একাদশ অংশগ্রহণ করে।
এমজেড/পিআর