আ’ লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে জরিমানা দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১২ এপ্রিল ২০২৬

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এক বিএনপি নেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাদ্দাম হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের কোর্ট পরিদর্শক আব্দুর রফিক।

দণ্ডপ্রাপ্ত সজ্জাদ হোসেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

আদালত সজ্জাদকে সাত দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিয়ে রশিদ দাখিলের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করা দুই আসামিকে জরিমানার অর্থ থেকে ৫০ হাজার টাকা করে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ আগস্ট সজ্জাদ হোসেন রাজশাহী মহানগরের দামকুড়া থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুঞ্জিল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বাদলসহ অন্যদের আসামি করা হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কসবা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে আসামিরা তাকে অস্ত্রের মুখে হুমকি ও মারধর করেন।

তবে আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ঘটনার দিন সজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ফলে তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

কোর্ট পরিদর্শক আব্দুর রফিক জানান, অভিযোগটি সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণ হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।

এসএইচ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।