চলচ্চিত্র পাইরেসির সঙ্গে জড়িত ৬ জন গ্রেফতার
গাজীপুরে চলচ্চিত্র পাইরিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার বিকেলে ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সিডি পাইরেসি ও পর্নগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত ৭টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার আ. আজিজ মোল্লার ছেলে মো. নাহিদ হোসেন (২৩), নোয়াখালীর বেগমগঞ্জের বিতুয়াবাগ এলাকর হাবিবুল্লার ছেলে মো. ইয়াসিন (২০), শেরপুরের শ্রীবরদী থানার মেঝপাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. সফিকুল ইসলাম (২৫), ফেনী সদরের উত্তর মাসুমপুর এলাকার আবুল কালামের ছেলে মো. সোহাগ ইসলাম (১৮), ময়মনসিংহের গফরগাও থানার নয়াবাড়ি গ্রামের রইছ উদ্দিনের ছেলে মাইনউদ্দিন (২৫) ও মাদারীপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের মো. তোতা মোড়লের ছেলে মো. রনি (২৮)। 
র্যাব জানায়, গোপন সূত্রে র্যাব জানতে পারে টঙ্গীর থানাধীন মরকুন টিঅ্যান্ডটি বাজারস্থ হারুন সুপার মার্কেট ও হাজী মার্কেটে এলাকায় কপিরাইট আইন লঙ্ঘন করে বাংলা মিউজিক ভিডিও, অশ্লীল ছায়াছবি, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির পাইরেসির কপি বিক্রয় করা হয়।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোর্তাহীন বিল্লাহর নেতৃত্বে বুধবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় ওই ৬ জনকে গ্রেফতার ও ৭টি ল্যাপপট জব্ধ করা হয়।
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, র্দীঘদিন ধরে তারা অশ্লীল ভিডিও গান, পর্নগ্রাফি ও সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির পাইরেসির কপি গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম