শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশে বলেছেন, আপনারা যদি সত্যিকার অর্থে ছাত্রদের লেখাপড়া শেখান তাহলে সদকায়ে জারিয়া পাবেন। আমি বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা। এখানে আপনি ওজু ছাড়া ঢুকতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ে থেকে অসৎ কাজ করা যায় না। এই মন্ত্রণালয়কে আমি পবিত্র করেছিলাম। সেখানে আপনারা কাজ করেছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরারাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০০১ সালে সর্বপ্রথম কুমিল্লার আমড়াতলী হাই স্কুল থেকে নকল প্রতিরোধ শুরু হয়েছে। ওই সময়ে দুজন শিক্ষককে গ্রেফতারও করা হয়। আবার সেই কুমিল্লায় এসেছি। শিক্ষকদের আমি সব সময় প্রটেকশন দিতাম, না দিলে তো হবে না। কোনো শিক্ষক আহত হলে তাকে ২০ হাজার টাকা সহায়তা দিতাম। তবে শিক্ষায় অনিয়ম ছাড় দেওয়া যাবে না। কারণ এটা শিক্ষা।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষায় দায়িত্ব দিয়েছেন। আমরা অনেক কাজ করেছি, স্বপ্ন একটি, তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য দশটা মন্ত্রণালয়ের মতো না। এখানে যারা কাজ করছেন তারা সবাই সদকায়ে জারিয়া পাবেন।

তিনি বলেন, ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা। আবার ২০০১ সালে থেকে ২০০৬ সালে আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। ওই সময়েও আমাকে সহাযোগীতা করেছিলেন শিক্ষকরাই। তার মানে যেভাবে সরকার চায় আপনারা সেভাবে কাজ করবেন। এবার আমরা এসেছি, আমরা নকল চাই না।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত পরীক্ষায় যে সব স্কুলে পাশের হার শূন্য থাকবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে না। আজ শিল্পকলাতে আমি আপনাদের বলে গেলাম।

এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।