প্রধান শিক্ষকের মাথা ফাটালেন শিক্ষা অফিসার


প্রকাশিত: ০৭:৪০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা শিক্ষা অফিসার মো. শামীম আহমেদের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে আহত ওই প্রধান শিক্ষক বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে এবং ওই শিক্ষা অফিসারের বিচারের দাবিতে উপজেলা প্রাঙ্গণে ব্রাহ্মণগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অবিভাবক ও শিক্ষকরা বিক্ষোভ করেছেন।   

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ বিদ্যালয় চলাকালীন সময়ে বালীগাঁও মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাউছার মিয়াকে ক্লাস বন্ধ করে তাকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান।

এসময় শিক্ষা অফিসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন তথ্য দিতে বলেন। কিন্তু তথ্য দিতে দেরি হওয়ায় শিক্ষা অফিসার রেগে গিয়ে টেবিলে থাকা স্ট্যাপলার দিয়ে প্রধান শিক্ষকের মাথায় আঘাত করেন। এতে প্রধান শিক্ষকের মাথা ফেটে গিয়ে তিনি রক্তাক্ত জখম হন।

অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষা অফিসার দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয়রা ওই প্রধান শিক্ষককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ ঘটনার কথা অস্বীকার করে বলেন, পরিদর্শনে স্কুল ছুটির আগেই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি। আর তিনদিনের মধ্যে এর যথাযথ কারণ দর্শানোর কথা বলা হলে ওই শিক্ষক আমার উপর চড়াও হন।

স্কুল চলাকালীন সময় অন্য স্কুলের সহকারী শিক্ষক নিয়ে যাওয়ার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নতুন, ওই স্কুলটা চিনি না। অফিসে সহকারী শিক্ষা অফিসাররা কেউ ছিলেন না বিধায় বালীগাঁও মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাউছার মিয়াকে সঙ্গে নিয়েছিলাম।

সহকারী শিক্ষক মো. কাউছার মিয়া জানান, কর্তৃপক্ষ আমাকে আদেশ করলে সে আদেশ তো আমাকে মানতেই হবে।   

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, অভিযোগের কপি পেয়েছি। সেটি ডিসি স্যার বরাবর পাঠানো হয়েছে।

আব্দুর রহমান আরমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।