বরিশালে ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা ছিনতাই


প্রকাশিত: ১০:৪১ এএম, ০১ এপ্রিল ২০১৫

বরিশাল নগরীর গীর্জা মহল্লা সড়কে চকবাজার শাখা সোনালী ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের ৭ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারক চক্র।

এসময় রুস্তুম আলী মল্লিক নামের ওই গ্রাহক ডাক-চিৎকার দিলেও তার সাহায্যে কিংবা প্রতারকদের ধরতে ব্যাংকের কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রুস্তুম আলী মল্লিক নগরীর ২২ নম্বর ওয়ার্ড জিয়া সড়কের বাসিন্দা ।

প্রতক্ষদর্শীরা জানায়, রুস্তুম আলী তার পোল্ট্রি ফার্মের উন্নয়নের জন্য সোনালী ব্যাংকের চকবাজার শাখা থেকে ১০ লাখ টাকার ঋন অনুমোদন করান। ব্যাংকে এসে চেকের মাধ্যমে নগদ ৭ লাখ টাকা উত্তোলন করেন তিনি। এসময় এক ব্যক্তি (প্রতারক চক্রের সদস্য) নীচে ৫শ টাকার একটি নোট ফেলে রেখে ওই টাকা কার প্রশ্ন করলে রুস্তুম আলী নীচ থেকে টাকা উঠিয়ে টেবিলে রাখেন। এই সুযোগে প্রতারক চক্র কর্মকর্তার টেবিল থেকে টাকার ব্যাগ নিয়ে মুহূর্তেই সটকে পড়েন।

ক্ষতিগ্রস্থের ছেলে মো. সাইফুল হোসেন জানান, নীচ থেকে টাকা তুলে তার বাবা (রুস্তুম আলী) ডাক চিৎকার দিলেও ব্যাংকের কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। এছাড়া ব্যাংকের যে স্থান থেকে প্রতারক টাকা নিয়ে গেছে সেখানকার সিসি টিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় ব্যাংকের লোকজন জড়িত বলে সন্দেহ করছেন তিনি।

তবে ব্যাংকের ম্যানেজার মো. সুলতান আহমেদ জানান, এই ঘটনায় তার ব্যাংকের কেউ জড়িত নেই। ব্যাংকের ভেতরের দুর্বল নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থা অনুযায়ী তার ব্যাংক চলছে। সোনালী ব্যাংকের কোন শাখায় নিরাপত্তা কর্মী নেই।

মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, চক বাজারের মতো গুরুত্বপূর্ণ শাখায় নিরাপত্তা রক্ষী থাকবেনা এটা ভাবা যায়না। তারপরও অভিযোগ পেলে তারা তদন্ত করে এর নেপথ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।