৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলীমের আত্মসমর্পণ


প্রকাশিত: ০৮:১১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের চাকরিচ্যুত সৈনিক আব্দুল আলীম আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় সৈনিক আবদুল আলীম নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় দেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুল কবিরকে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আবদুল আলীম। পরে তাকে র‌্যাব থেকে চাকরিচ্যুত করা হয়।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।