সালিসি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সালিসি বৈঠকে আবদুল বাতেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বাতেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি গ্রামের দেওয়ান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আবদুল বাতেনের সঙ্গে প্রতিবেশী মিছির আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল।

রোববার দুপুরে সালিসি বৈঠকের সময় হঠাৎ করে তর্ক বিতর্কের জের ধরে মিছির আলীর পক্ষে শাহজাহান, আইউবুর, মহিবুর, ইউনুসসহ আরো কয়েকজন মিলে বাতেনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভুইয়া জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।