বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম নগরীর জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন মেয়র ডা. শাহাদাত হোসেন/ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১১ এপ্রিল) নগরীর জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘একটি জাতির জন্ম, স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রাম।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি জানান, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে কৃষিতে সেচ সুবিধা বাড়ে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় ও খাদ্য নিরাপত্তা জোরদার হয়। একই সঙ্গে নগরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনেও এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।

চট্টগ্রামে চলমান খাল ও নালা পরিষ্কার কার্যক্রমের কথা তুলে ধরে মেয়র বলেন, এসব উদ্যোগ নগরবাসীর দুর্ভোগ কমাতে সহায়তা করছে। কর্ণফুলী নদীর দূষণ রোধ, পলিথিন ব্যবহার কমানো ও বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ ছিল সমগ্র জাতির সম্মিলিত সংগ্রাম এবং এর সঠিক ইতিহাস সংরক্ষণ জরুরি। জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ড. মোজাফফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এমআরএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।