কক্সবাজারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মরণ করেছে কক্সবাজারের সর্বস্তরের মানুষ। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মো. আলী হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন সর্ব প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর জেলাপরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে জেলা পরিষদ, সিরাজুল মোস্তফা ও মুজিবুর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, লে. কর্নেল (অব.) ফোরকান আহমদের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এরপর পর্যায়্ক্রমে সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, রাসেল চৌধুরী ও সায়ীদ আলমগীরের নেতৃত্বে কক্সবাজার রিপোর্টাস ইউনিটি, থিয়েটার, কক্সবাজার উত্তর বন বিভাগ, দৈনিক কক্সবাজার, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার আইন কলেজ, সিভিল সোসাইটি, জাতীয় মহিলা সংস্থাসহ সামাজিক-রাজনৈতিক নানা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা ও নানা প্রতিযোগিতার আয়োজন করে। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।