কৃষককে মারধর করে ট্রাকের নিচে ফেলে হত্যা


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে শরিফুল ইসলাম (২৫) নামে এক কৃষককে মারধর করে ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবারের স্বজনেরা দাবি করেছেন। নিহত শরিফুল ইসলাম সিরাজসিংহা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। রাতে কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস হোসেন।

নিহত শরিফুলের বড় ভাই রেজাউল ইসলাম অভিযোগ করেন, বাড়ির সামনের রাস্তা দিয়ে ইটভাটার মাটির ট্রাক যাতায়াত করে। ওই ট্রাকের ধুলায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। ধুলা যাতে না ওড়ে এ জন্য রাস্তায় পানি ছিটিয়ে মাটির ট্রাক নেয়ার জন্যে শরিফুল তাদেরকে বলেছিল। ওই ট্রাকের চালক ও শ্রমিকেরা তা শোনেনি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শরিফুল রাস্তায় ওপরে একটা কাঠের গুঁড়ি নিয়ে রাখে যাতে ট্রাক চলাচল করতে না পারে। এ সময় ইট ভাটায় মাটি দেয়া ঠিকাদার সিরাজ সিংহা গ্রামের হাসান আলী ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে ধরে মারধর করতে করতে রাস্তার ওপরে নিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল নিহত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, যে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটি আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। রাতে এ ঘটনায় মামলা হয়েছে।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।