স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আ. সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আ. সাত্তার (৩৫) ময়নসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, ১৫ বছর আগে ময়নসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর এলাকার মৃত সাহেদ আলী মন্ডলের মেয়ে হাসিনাকে (৩২) বিয়ে করেন আব্দুস সাত্তার।
গার্মেন্টসে চাকরির সুবাদে গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী এলাকার শাহজাহান ড্রাইভারের ভাড়া বাসায় বসবাস করতেন তারা।
গত বছরের ৫ মার্চ সকালে হাসিনা গার্মেন্টসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে টেকনগপাড়া এলাকায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নিহতের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ শহিদুল্লাহ তদন্তে নিহতের স্বামী আ. সাত্তার জড়িত থাকার প্রমাণ পায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আ. সাত্তার স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ৩০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।
আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালতের বিচারক বুধবার এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতন মামলাটি পরিচালনা করেন।
মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি