যশোরে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী দণ্ড

যশোরে সবজির ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া গ্রামের আহাদ আলী কারিগরের ছেলে সাজ্জাদ আলী, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কাটাখালি গ্রামের আব্দুল কাদেরের ছেলে হুমায়ুন ও মোবারকপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন সুমন। এদের মধ্যে সাজ্জাদ আলী ও হুমায়ুন পলাতক রয়েছেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম বদরুজ্জামান পলাশ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম ২০০৭ সালের ১৯ এপ্রিল ১১টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে একটি ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকের চালক ইসমাইল, হেলপার হুমায়ুন ও সাজ্জাদকে আটক করা হয়। ট্রাক তল্লাশি করে কচুর লতির আঁটির ভিতরে বিশেষ ব্যবস্থায় রাখা ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শেখ সাঈদুর রহমান বাদী হয়ে আটক তিনজনসহ চারজনের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৫ আগস্ট আদালতে চার্জশিট দেয়া হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সাজ্জাদ আলী, হুমায়ুন ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি চৌগাছার সিংহঝুলি গ্রামের ওমর আলীর ছেলে আবদুর রাজ্জাককে খালাস দিয়েছেন আদালত।

মিলন রহমান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।