সিলেটে জামায়াত-শিবিরের মিছিল, গাড়ি ভাঙচুর
জামায়াতের সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে সিলেটে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর করেছে জামায়াত শিবিরের কর্মীরা। মঙ্গলবার সকালে নগরীর কুমারপাড়া ও মদীনা মার্কেট এলাকায় জামায়াত শিবিরের ঝটিকা মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জাগোনিউজকে জানান, জামায়াত শিবিরেরকর্মীরা একটি নোহা মাইক্রোবাস (চাকা মেট্রো- চ ১৩-৫১৬৭), প্রাইভেট কার (চট্ট মেট্রো- ভ ০২-০৯৭০) এবং একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মদীনা মার্কেট এলাকায় পুলিশ ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমারপাড়া এলাকায় একটি ঝটিকা মিছিল করেছে শিবির নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে মিছিলকারীরা পালিয়ে যায়।
এদিকে, সকাল সাড়ে ১১টায় নগরীর মদীনা মার্কেটস্থ লতিফ মঞ্জিলের সামনে থেকে জামায়াত শিবির এর ২০/২৫ জন কর্মী ঝটিকা মিছিল বের করে। মিছিল শুরু করেই তারা সামনে থাকা একটি নোহা মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।
এমএএস/আরআই