সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৪০ এএম, ০২ মে ২০২৬

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, বৈকারী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/৫৬ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী পূর্ব পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২ কোটি ৯৪ লাখ মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

পৃথক অভিযানে কালিয়ানী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি হতে ১০০ ও ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আহসানুর রহমান রাজীব/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।