খুলনা-বেনাপোলে কমিউটার ট্রেন চলবে দিনে দু’বার


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী

১ মার্চ বুধবার থেকে খুলনা-বেনাপোল রুটে চলাচলকারী কমিউটার ট্রেনটি দিনে দু’বার করে যাতায়াত করবে। যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ট্রেনের সময়সূচিও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলস্টেশনের স্টেশন মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তী।

যশোর রেলস্টেশন সূত্র মতে, বর্তমানে কমিউটার ট্রেনটি দিনে একবার করে খুলনা-বেনাপোল রুটে যাতায়াত করছে। কিন্তু ১ মার্চ থেকে দিনে দুই বার এই ট্রেন চলাচল করবে।

যশোর রেলস্টেশনের স্টেশন মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তী জানান, দিনে দুই বার ট্রেন চালানোর জন্য আগের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১ মার্চ থেকে খুলনা থেকে কমিউটার ট্রেন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে প্রতিদিন সকাল ৬টায়। যশোর জংশনে পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। আর বেনাপোল পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়।

ট্রেনটি আবার বেনাপোল থেকে সকাল ৯টায় যাত্রী নিয়ে রওনা হয়ে যশোর পৌঁছাবে সকাল ১০টায়। আর খুলনায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে।

তিনি আরও জানান, একইভাবে ট্রেনটি আবার দুপুর ১২টা ১০ মিনিটে খুলনা থেকে রওনা হয়ে যশোর এসে পৌঁছাবে দুপুর দেড়টায়। আর বেনাপোল পৌঁছাবে দুপুর আড়াইটায়। পরে ট্রেনটি আবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৩টায় রওনা হয়ে যশোর পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। আর খুলনায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
 
রেলওয়ে সূত্র জানায়, নিরাপদ ভ্রমণ, সাশ্রয়ী ভাড়া, ঘন ঘন পরিবহন ধর্মঘট প্রভৃতি কারণে খুলনা-বেনাপোল রুটে যাত্রী সংখ্যা বেড়েই চলেছে।

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হয়ে ভারত-যাতায়াতের জন্য খুলনা, যশোর অঞ্চলের বেশিরভাগ যাত্রী ট্রেনকেই বেছে নিচ্ছেন।

এছাড়া খুলনা-কলকাতা মৈত্রী রেল চালুর প্রস্তুতিও চলছে। এই সার্ভিস চালু হলে যশোর-খুলনা অঞ্চলের বিপুল সংখ্যক যাত্রী ট্রেনে চেপে ভারতে যেতে পারবে।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।