ফের কুতুবদিয়া চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত
আবারও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর সাময়িক বরখাস্তাদেশ স্থগিত হলো।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্জে শুনানি শেষে তার বরখাস্তাদেশ তিন মাসের জন্য স্থগিত করা হয়। এটিএম নুরুল বশর চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন।
তাই উপজেলা পরিষদ আইন অনুসারে কুতুবদিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থী। তাই নুরুল বশর চৌধুরীকে তার পদ থেকে সাময়িক বহিষ্কারাদেশ জারি করা হয়।
এ বহিষ্কারাদেশের বিরুদ্ধে রোববার সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী। শুনানি শেষে বিচাপতি তার বহিষ্কারাদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।
এর আগে আরও তিন দফা তাকে বহিষ্কার করা হয়। উচ্চ আদালতের সহায়তায় একইভাবে সেসব আদেশ স্থগিত করে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সায়ীদ আলমগীর/এএম/পিআর