চাঁদপুরে জাটকা ধরার অভিযোগে ৭ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে সাতজন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার মেঘনা নদীর ‘কোম্পানীর চর’ চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌ সীমানায় অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীর চর চ্যানেল নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ১ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে। মামলা হওয়া ৪ আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতল উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।